ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনামের সমর্থনে উঠান বৈঠক
গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত এনাম, গ্রামভিত্তিক মতবিনিময়ে গুরুত্ব
আনোয়ার হোসেন রনি,
আসন্ন গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠে নিজের অবস্থান শক্তিশালী করতে গ্রামভিত্তিক গণসংযোগ, মতবিনিময় ও উঠান বৈঠক অব্যাহত রেখেছেন চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনাম। ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, স্থানীয় সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা এবং মানুষের দোয়া ও সমর্থন কামনার মধ্য দিয়ে নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন তিনি।
এরই ধারাবাহিকতায় গত রোববার রাতে (১৫ নভেম্বর) রাতে ইউনিয়নের গৌরনগর (মালিকান্দি) গ্রামে তাঁর সমর্থনে এক উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মালিকান্দি গ্রামের মরম আলীর বাড়িতে আয়োজিত এ বৈঠকে স্থানীয় প্রবীণ, মুরব্বি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গ্রামের প্রবীণ মুরব্বি হাজী আব্দুল সাত্তারের সভাপতিত্বে এবং লোকমান আহমদের পরিচালনায় সভার কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন রায়হান আহমদ।
সভায় শুভেচ্ছা বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা, সামাজিক কর্মকাণ্ড ও রাজনৈতিক অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এসব কর্মকাণ্ডের সুবাদে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর পরিচয়, যোগাযোগ ও সুসম্পর্ক গড়ে উঠেছে। তিনি ব্যক্তিগত অবস্থান থেকে নয়, বরং সাধারণ মানুষের প্রত্যাশা ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যেতে চান।
এনাম বলেন, ‘আমি এনামকে আপনারা সবাই চেনেন ও জানেন। ব্যবসা থেকে শুরু করে রাজনৈতিক পরিচয়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আমার যোগাযোগ ও সুসম্পর্ক রয়েছে। আমার নিজ গ্রাম গোবিন্দনগরের বাসিন্দারা দলমত-নির্বিশেষে আমাকে সমর্থন জানিয়ে প্রতিটি গ্রামের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ, মতবিনিময় ও গণসংযোগ করার পরামর্শ দিয়েছেন। তাঁদের পরামর্শকে গুরুত্ব দিয়েই আমি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের কাছে যাচ্ছি। সবার কথা শুনছি, তাঁদের মতামত জানার চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘একটি ইউনিয়ন পরিষদ শুধু একটি প্রশাসনিক প্রতিষ্ঠান নয়, এটি সাধারণ মানুষের প্রয়োজন, প্রত্যাশা ও অধিকার বাস্তবায়নের গুরুত্বপূর্ণ জায়গা। এখানে মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার সঙ্গে জনপ্রতিনিধির সরাসরি সম্পৃক্ততা থাকা প্রয়োজন। তাই নির্বাচনে মানুষের সমর্থন পাওয়ার পাশাপাশি তাঁদের আস্থা ও বিশ্বাস অর্জন করাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’
এ সময় তিনি গ্রামবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ভবিষ্যতেও যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বক্তব্য দেন আছাব আলী, সিরাজুল ইসলাম, সুহেল মিয়া, রইছ আলী, নুর ইসলাম, হাজী নুরুল হক, হাজী মনির উদ্দিন, সুনুর আলী, মনছুর আহমদ মছুর, সাবেক মেম্বার সোনাফর আলী, হাজী ইলিয়াস আলী, মো. শাহজাহান মিয়া, আয়বর আলী, ইছাক আলী, আপ্তাব উদ্দিন, নাছির উদ্দিন, নিজাম উদ্দিন, তেরাব আলী ও নুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা আশরাফুর রহমান এনামের সঙ্গে নিজেদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তাঁরা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম এবং সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধির নিবিড় যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন।
উঠান বৈঠকে উপস্থিত স্থানীয়দের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আলোচনা ও মতবিনিময় হয়। বক্তাদের বক্তব্যে এলাকার উন্নয়ন, জনসম্পৃক্ততা এবং নেতৃত্বের জবাবদিহির বিষয়গুলো গুরুত্ব পায়।
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জনপ্রিয়তা যাচাইয়ের অন্যতম ক্ষেত্র হলো সাধারণ মানুষের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ। সেই বিবেচনায় গ্রামভিত্তিক উঠান বৈঠক ও মতবিনিময়ের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন আশরাফুর রহমান এনাম। তবে শেষ পর্যন্ত ভোটাররা কাকে তাঁদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন, তা নির্ধারিত হবে নির্বাচনের মাঠে তাঁদের নিজস্ব সিদ্ধান্ত ও ভোটের মাধ্যমে।
Leave a Reply