দোয়ারাবাজারে মাদকবিরোধী যৌথ অভিযান, গাঁজাসহ দুইজনের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে গাঁজা সেবনের অপরাধে দুই ব্যক্তিকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের ‘খ’ সার্কেল এবং দোয়ারাবাজার থানা পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল এ যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন দোয়ারাবাজার উপজেলার প্রতাবেরগাঁও গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে মো. নাছির উদ্দিন (৪৩) এবং দোয়ারগাঁও গ্রামের মৃত কমর আলীর ছেলে মো. ছাদিক আলী (৪০)।
অভিযানকালে তাঁদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে জব্দ করা গাঁজা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের পরবর্তী সময়ে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীব।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের উপপরিচালক মো. আবুল হোসেন।
Leave a Reply