দিরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে এ বি এম মাসুম প্রদীপ গ্রেফতার
দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব আব্দুল কুদ্দুসের বড় ছেলে এবং দিরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর এ বি এম মাসুম প্রদীপকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার দিবাগত গভীর রাতে দিরাই উপজেলার দোওজ গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
পরিবারের দাবি- আনুমানিক রাত ২টার দিকে কয়েকজন ব্যক্তি বাড়িতে গিয়ে নিজেদের থানার লোক পরিচয় দিয়ে দরজায় ডাকাডাকি করেন। এ সময় তাঁরা দরজা না খুললে ভেঙে ভেতরে প্রবেশ করার হুমকি দেন। পরে দরজা খুলে দিলে কোনো কিছু না জানিয়েই এবং কোনো মামলার ওয়ারেন্ট না দেখিয়ে জোরপূর্বক তাঁকে নিয়ে যাওয়া হয়।
পরিবারের সদস্যরা আরও জানান- তাঁর বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিংবা তাঁকে কোনো মামলার বিষয়ে আগে জানানো হয়েছে- এমন কিছু তাঁরা জানতেন না। কী কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়েও তাঁরা অবগত নন।
এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন- আমরা তাঁকে গ্রেফতার করিনি। সুনামগঞ্জ সদর থানার একটি মামলায় সুনামগঞ্জের ডিবি পুলিশ তাঁকে গ্রেফতার করেছে বলে জানি।
অন্যদিকে, সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন- প্রায় দুই মাস আগে সন্ত্রাসবিরোধী আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার আসামিকে গত রাতে দিরাই থেকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে আজ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply