তারেক রহমানের আহ্বানে সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা মিজান চৌধুরীর
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করা মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান।
গত শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন।
স্ট্যাটাসে মিজান চৌধুরী উল্লেখ করেন, ছাতক ও দোয়ারাবাজারবাসীর দীর্ঘদিনের ভালোবাসা ও উৎসাহে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার উদ্যোগ নিয়েছিলেন। তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকরা তাঁর পাশে দাঁড়িয়ে যে আস্থা দেখিয়েছেন, তা তাঁকে উজ্জীবিত করেছিল।
তবে দলীয় স্বার্থ ও সার্বিক রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাঁকে মনোনয়ন প্রত্যাহারের আহ্বান জানান। দলের এ সিদ্ধান্ত তিনি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছেন বলে জানান মিজান। তিনি তার লেখেন, ‘দলীয় প্রধানের নির্দেশ আমার কাছে সর্বোচ্চ গুরুত্বের। দেশ ও দলের সংকট ময় মুহূর্তে তাঁর সিদ্ধান্ত উপেক্ষা করা আমার জন্য অসম্ভব।
দলের বৃহত্তর স্বার্থে আমি স্বতঃসিদ্ধ মনে করেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি।’ মিজান চৌধুরী বলেন, রাজপথের দীর্ঘরাজনৈতিক জীবনে ছাতক–দোয়ারাবাজারের মানুষ তাঁকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তা তাঁর জীবনের বড় প্রাপ্তি। মনোনয়ন প্রত্যাহারের ফলেসমর্থকদের মন খারাপ হওয়ার বিষয়টি তিনি উপলব্ধি করেন।
এজন্য তিনি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আপনাদের বিশ্বাস, ত্যাগ ও শ্রম আমার রাজনীতির শক্তি। আমি কখনোই আপনাদের এই ভালোবাসার প্রতিদান দিতে পারব না। স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ছাত্রজীবন থেকে জাতীয়তাবাদী রাজনীতির প্রতি তাঁর অটল বিশ্বাস রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর রাজনৈতিক আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর প্রেরণা এবং তারেক রহমান দলের অভিভাবক—এ কথাও উল্লেখ করেন তিনি।
শেষে ছাতক ও দোয়ারাবাজারের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে মিজান চৌধুরী বলেন, অতীতের মতো ভবিষ্যতেও সুখে–দুঃখে তিনি জনগণের পাশে থাকবেন—ইনশাআল্লাহ।##
Leave a Reply