ছাতকে ‘পাকঘর’সহ ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এক অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এই মোবাইল কোর্টে ভোক্তা অধিকার ও পশু জবাই আইন লঙ্ঘনের দায়ে জনপ্রিয় ‘পাকঘর রেস্টুরেন্ট’সহ তিনটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও ভোক্তা অধিকার আইন ক্ষুণ্ণ করায় ‘পাকঘর রেস্টুরেন্ট’কে ১০ হাজার টাকা এবং বিধি বহির্ভূত কার্যক্রমের দায়ে ‘রয়েল স্ন্যাকবার’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ লঙ্ঘনের দায়ে একটি মাংসের দোকানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত কাঁচাবাজার, মাছ-মাংস ও নিত্যপণ্যের আড়তে ব্যাপক তদারকি চালায় উপজেলা প্রশাসন। অধিকাংশ দোকানে সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করায় ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।
Leave a Reply