ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনামের সমর্থনে মতবিনিময় সভা
স্থানীয় নির্বাচনে প্রার্থীকে ঘিরে গ্রামবাসীর সমর্থন, সামাজিক কর্মকাণ্ডে তাঁর ভূমিকার প্রশংসা বক্তাদের
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনামের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে চেয়ারম্যান পদে দেখতে চান বলে সভায় উপস্থিত স্থানীয় মুরুব্বি, গণ্যমান্য ব্যক্তি ও গ্রামবাসীর অনেকে তাঁদের মতামত তুলে ধরেন।
গত শনিবার (১৪ নভেম্বর) বিশম্ভরপুর (নাগরাখালী) গ্রামবাসীর উদ্যোগে প্রবাসী মজনু মিয়ার বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট মুরুব্বি ও প্রবাসী রইছ আলীর সভাপতিত্বে এবং আশিকুর রহমান ও টুনু মিয়ার যৌথ পরিচালনায় সভার কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোশফিকুর রহমান মাহদি।
সভায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনাম তাঁর বক্তব্যে উপস্থিত গ্রামবাসীর উদ্দেশে বলেন, ‘আপনারা আমাকে ছোটবেলা থেকেই চেনেন ও জানেন। আমার রাজনৈতিক পরিচয়ও আপনাদের জানা। আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চাই। নির্বাচিত হলে ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করব। এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে চাই। দলমত নির্বিশেষে সবার সহযোগিতা ও সমর্থন কামনা করছি।’
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হওয়ার মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের সেবা করা। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আবু বক্কর, মাওলানা ক্বারী মাছুম আহমদ, ইব্রাহিম আলী, আব্দুল গিয়াস ও জাবের আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন সিরাজ মিয়া, শামীম আলম, মনির মিয়া, আলা উদ্দিন, ইসমাইল আলী, মনছর আলী, সাবেক ইউপি সদস্য সোনাহর আলী, হাজী তেরাব আলী, আনফর আলী ও হাজী ফারুক আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা তাঁদের বক্তব্যে আশরাফুর রহমান এনামের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, আশরাফুর রহমান এনাম তাঁদের কাছে নতুন কোনো মুখ নন। ছোটবেলা থেকেই তাঁকে এলাকার মানুষ চেনেন ও জানেন। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
বক্তারা আরও বলেন, এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে তিনি আন্তরিকতার সঙ্গে ভূমিকা রাখেন। বিশেষ করে সামাজিক বিরোধ নিষ্পত্তি, সালিশ-বৈঠক এবং সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকার ক্ষেত্রে তাঁর ভূমিকা রয়েছে। এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখার কারণে তাঁকে নিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
তাঁদের মতে, ইউনিয়ন পরিষদ পরিচালনার ক্ষেত্রে একজন জনপ্রতিনিধির সততা, দায়িত্বশীলতা, মানুষের প্রতি আন্তরিকতা এবং উন্নয়নমূলক চিন্তাভাবনা থাকা জরুরি। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা থাকলে একজন জনপ্রতিনিধি জনগণের আস্থা অর্জন করতে পারেন। এ ক্ষেত্রে আশরাফুর রহমান এনামকে তাঁরা সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচনা করছেন বলে বক্তব্যে উল্লেখ করেন।
মতবিনিময় সভায় বক্তারা গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের নাগরিক সুবিধা বৃদ্ধি এবং অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার মানুষের মতামত ও প্রত্যাশার প্রতিফলন ঘটানোর আহ্বান জানান।
সভায় উপস্থিত ব্যক্তিরা চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনামের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। পরিশেষে সভার সভাপতি প্রবাসী রইছ আলীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।
Leave a Reply