দীর্ঘ পাঁচ মাস পর সোনালী চেলা নদীর সীমানা নির্ধারণ, স্বস্তিতে হাজারো বারকি ও বালুশ্রমিক
আনোয়ার হোসেন রনি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী নরসিংপুর ইউনিয়নে অবস্থিত প্রবহমান সোনালী চেলা নদীর ইজারাকৃত বালুমহালের দীর্ঘদিনের অমীমাংসিত সীমানা জটিলতার অবসান হয়েছে। প্রশাসনের সরাসরি হস্তক্ষেপে নদীর বালুমহালের সীমানা নির্ধারণ সম্পন্ন হওয়ায় দীর্ঘ পাঁচ মাস পর আবারও প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে এই অঞ্চলের বালু ব্যবসায়। সীমানা জটিলতায় বালু উত্তোলন ও পরিবহন কার্যক্রম বন্ধ থাকায় একদিকে যেমন ইজারাদার বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন, অন্যদিকে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছিলেন এই পেশার ওপর নির্ভরশীল হাজার হাজার বারকি ও বালুশ্রমিক। অবশেষে সীমানা নির্ধারিত হওয়ায় শ্রমিক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের সুনির্দিষ্ট নির্দেশনায় দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলামের সরাসরি উপস্থিতিতে ও তত্ত্বাবধানে এই সীমানা নির্ধারণ কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. ফরিদ উদ্দিন আধুনিক যন্ত্রপাতি ও সরকারি নকশা অনুসরণ করে নদীটির বালুমহালের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সীমানা চিহ্নিতকরণের কাজ সম্পন্ন করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ইজারাদার পক্ষের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক বারকি শ্রমিক উপস্থিত ছিলেন। সীমানা চিহ্নিত করে লাল নিশান ও খুঁটি স্থাপন করা হয়, যাতে ভবিষ্যতে বালু উত্তোলন নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা বিরোধ সৃষ্টি না হয়।
সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বালুমহাল হলো সোনালী চেলা নদী। ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা এই নদীর বালু গুণগত মানের দিক থেকে অত্যন্ত উন্নত হওয়ায় সারাদেশেই এর ব্যাপক চাহিদা রয়েছে। প্রতি বছর সরকারিভাবে এই বালুমহালটি ইজারা দেওয়া হয় এবং এর মাধ্যমে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করে থাকে। কিন্তু চলতি মৌসুমে ইজারা গ্রহণের পর থেকেই বালুমহালের প্রকৃত সীমানা নিয়ে জটিলতা দেখা দেয়। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা হওয়ায় আন্তর্জাতিক সীমানা এবং ইজারাকৃত এলাকার সঠিক পরিমাপ নির্ধারণ না থাকায় বালু উত্তোলন কার্যক্রমে স্থবিরতা নেমে আসে। গত পাঁচ মাস ধরে এই অচলাবস্থা চলতে থাকায় ইজারাদার কর্তৃপক্ষ নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে পারেননি, যার ফলে তাঁদের কোটি টাকার ওপর আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।
সীমানা জটিলতার সবচেয়ে বড় ও নির্মম প্রভাব পড়েছিল খেটে খাওয়া সাধারণ মানুষের ওপর। দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নসহ আশপাশের বেশ কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সোনালী চেলা নদীর বালুমহালের ওপর নির্ভরশীল। বারকি নৌকা দিয়ে নদী থেকে বালু উত্তোলন, বালু লোড-আনলোড এবং পরিবহন কাজের সঙ্গে জড়িত শ্রমিকরা দীর্ঘ পাঁচ মাস ধরে সম্পূর্ণ বেকার হয়ে পড়েছিলেন। কাজ না থাকায় এসব নিম্নআয়ের মানুষের ঘরে চরম অভাব-অনটন দেখা দেয়। অনেকেই সংসার চালাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন, আবার অনেকে জীবিকার তাগিদে এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হন। স্থানীয় হাট-বাজারগুলোতেও এর নেতিবাচক প্রভাব পড়েছিল এবং ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করছিল।
সীমানা নির্ধারণের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পুরো নরসিংপুর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, সীমানা নির্ধারণের সময় নদীর পাড়ে ভিড় জমান শত শত বারকি ও বালুশ্রমিক। কাজ শেষ হওয়ার পরপরই তাঁরা উচ্ছ্বাস ও স্বস্তি প্রকাশ করেন।
উপস্থিত কয়েকজন বারকি শ্রমিক তাঁদের দুর্ভোগের কথা তুলে ধরে বলেন, “সোনালী চেলা নদীই আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। বাপ-দাদার আমল থেকে আমরা এই নদীতে বারকি নৌকা চালিয়ে সংসার চালিয়ে আসছি। কিন্তু গত পাঁচ মাস ধরে সীমানা জটিলতার কারণে বালু উত্তোলন বন্ধ থাকায় আমাদের আয়-রোজগার পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। পরিবার-পরিজন, ছেলে-মেয়েদের লেখাপড়া ও চিকিৎসা খরচ চালাতে গিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। আজ প্রশাসন আমাদের প্রাণের দাবি পূরণ করেছে। সীমানা নির্ধারণ হওয়ায় এখন আর কোনো বাধা রইল না। আমরা আবারও নদীতে নামতে পারব এবং দুমুঠো ডাল-ভাতের ব্যবস্থা করতে পারব।” শ্রমিকরা এই জনগুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসন ও দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
ইজারাদার কর্তৃপক্ষের প্রতিনিধিরা জানান, সরকারি নিয়মনীতি মেনে বিপুল অঙ্কের রাজস্ব জমা দিয়ে তাঁরা বালুমহালটি ইজারা নিয়েছিলেন। কিন্তু সীমানা নির্ধারিত না থাকায় এবং সীমান্তবর্তী এলাকায় জটিলতা সৃষ্টি হওয়ায় তাঁরা নির্বিঘ্নে বালু উত্তোলন করতে পারছিলেন না। বিষয়টি সমাধানের জন্য তাঁরা জেলা ও উপজেলা প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন ও অভিযোগ জানিয়েছিলেন। প্রশাসনের দ্রুত ও আন্তরিক পদক্ষেপে সীমানা নির্ধারিত হওয়ায় তাঁরা এখন নির্ধারিত সীমানার ভেতরে থেকে সরকারি বিধি মোতাবেক বালু উত্তোলন ও বিপণন কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এতে তাঁদের বিগত দিনের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম বলেন, “সোনালী চেলা নদীর ইজারাকৃত বালুমহালের সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে একটি জটিলতা চলছিল। ইজারাদার কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি আমাদের অবহিত করা হলে জেলা প্রশাসনের নির্দেশনায় আমরা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করি। আজ ভূমি অফিসের সার্ভেয়ার ও সংশ্লিষ্ট সকল পক্ষের উপস্থিতিতে নদীর বালুমহালের সঠিক সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন থেকে ইজারাদার ও শ্রমিকরা নির্ধারিত সীমানার মধ্যে থেকে শান্তিপূর্ণভাবে এবং সরকারি নিয়ম মেনে বালু উত্তোলন করতে পারবেন। তবে কেউ যেন নির্ধারিত সীমানার বাইরে গিয়ে বা পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলন না করেন, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি থাকবে।”
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত বলেন, “ইজারাদার কর্তৃপক্ষের অভিযোগ এবং স্থানীয় হাজারো শ্রমিকের কর্মসংস্থানের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘ পাঁচ মাস কাজ বন্ধ থাকায় সাধারণ শ্রমিকরা যে কষ্টের মধ্যে ছিলেন, তা আমাদের জানা ছিল। এরই ধারাবাহিকতায় আজ সোনালী চেলা নদীর বালুমহালের সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমরা আশা করছি, এর মাধ্যমে দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর হবে, স্থানীয় অর্থনীতি আবারও সচল হবে এবং শ্রমিকদের কর্মসংস্থানের পথ সুগম হবে।”
স্থানীয় সচেতন মহল ও জনপ্রতিনিধিরা মনে করছেন, সোনালী চেলা নদীর বালুমহালের সীমানা নির্ধারণ কেবল একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং এটি এই অঞ্চলের আর্থ-সামাজিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার একটি বড় পদক্ষেপ। নির্ধারিত সীমানার মধ্যে থেকে সুশৃঙ্খলভাবে বালু উত্তোলন কার্যক্রম পরিচালিত হলে একদিকে যেমন সরকারের রাজস্ব আদায় নিশ্চিত হবে, অন্যদিকে হাজারো শ্রমিক পরিবারের মুখে হাসি ফুটবে এবং দোয়ারাবাজারের গ্রামীণ অর্থনীতি আবারও চাঙ্গা হয়ে উঠ
Leave a Reply