মাওলানা আব্দুল আজিজ গোবিন্দনগর ফাজিল
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত
ষ্টাফ রিপোর্টারঃ
ছাতক উপজেলার ঐতিহ্যবাহী ও সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদরাসা নতুন নেতৃত্ব পেয়েছে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করা মাওলানা আবু ছালেহ মো. আব্দুছ ছোবহান তার চাকরি জীবনের শেষ কর্মদিবস সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন। তার অবসরের পর প্রতিষ্ঠানের গভার্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল আজিজকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ সিলেটের বিশ্বনাথ উপজেলার সুপরিচিত সৎপুর কামিল মাদরাসার সাবেক শিক্ষক এর পুত্র। তার জন্ম লামাকাজি ইউনিয়নের উদয়পুর গ্রামে। তিনি এলাকার প্রবীণ আলেম ও শিক্ষক, মরহুম মাওলানা আব্দুর রাজ্জাকের জ্যেষ্ঠ সন্তান। দীর্ঘদিনের শিক্ষকতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় তার দক্ষতা স্থানীয় শিক্ষা অঙ্গনে সুপরিচিত। এসব যোগ্যতা বিবেচনায় তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব অর্পণ করায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে স্বস্তি ও সন্তোষের সঞ্চার হয়েছে।
মাদরাসায় দায়িত্ব হস্তান্তরের দিন গোটা ক্যাম্পাসেই এক ভিন্ন আবহ সৃষ্টি হয়। অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুছ ছোবহানের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশের পাশাপাশি নতুন অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজকে ঘিরে শিক্ষক–শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যদের মাঝে নতুন আশার আলো দেখা যায়। অনেকেই মনে করছেন—তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার ধারায় আগের তুলনায় আরও সুসংগঠিত ও সমৃদ্ধ হবে। দায়িত্ব গ্রহণের পর মাওলানা আব্দুল আজিজ সাংবাদিকদের বলেন“এই প্রতিষ্ঠানের সুদীর্ঘ অগ্রযাত্রা ধরে রেখে শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা, নৈতিক গঠন ও সুশিক্ষিত প্রজন্ম তৈরিই হবে আমার প্রধান লক্ষ্য। আমি চাই শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও দায়িত্ববোধ আরও সুদৃঢ় হোক।”
তার এই আশাবাদী বক্তব্য শিক্ষক–শিক্ষার্থীসহ অভিভাবকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। শিক্ষকমহলের মতে, একজন দক্ষ, পরিশ্রমী ও নীতিবান শিক্ষকের হাতে দায়িত্ব অর্পণ হওয়ায় গোবিন্দনগর ফাজিল মাদরাসা ভবিষ্যতে আরও উন্নতি ও অগ্রগতির পথ সুগম করবে। নতুন অধ্যক্ষকে অভিনন্দন জানিয়ে ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং জাতীয় কাব্যকথা সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রনি বলেন গোবিন্দনগর মাদরাসার অগ্রগতিতে মাওলানা আব্দুল আজিজের নেতৃত্ব ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। তার দায়িত্বশীলতা ও নিষ্ঠা প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাবে।”গোবিন্দনগর ফাজিল মাদরাসার এই নেতৃত্ব পরিবর্তনকে কেন্দ্র করে প্রতিষ্ঠানজুড়ে যে নতুন প্রত্যাশার স্রোত সৃষ্টি হয়েছে, তা মাদরাসার ভবিষ্যৎ উন্নয়নকে আরও গতিশীল করবে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট সবাই।
Leave a Reply