চেলা নদীর ইজারার আড়ালে বালুর ‘মহালুট’
১০ দিনে ২৫ লাখ ঘনফুট বালু উত্তোলনের অভিযোগ,
বাজারমূল্য ৫ কোটি টাকা; ঝুঁকিতে ৬ গ্রামের জনপদ, মামলা ৩৭ জনের বিরুদ্ধে—ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন
আনোয়ার হোসেন রনি,সরেজমিন ঘুরেঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চেলা নদীতে বালুমহালের ইজারাকে ঘিরে উঠেছে ভয়াবহ লুটপাটের অভিযোগ। অভিযোগ রয়েছে, প্রায় ২৩ কোটি ৭৫ লাখ টাকায় ইজারা নেওয়া নদীর নির্ধারিত সীমানার বাইরে মরাচেলা নদী, নদীর তীরবর্তী ফসলি জমি ও বিভিন্ন স্থান থেকে ড্রেজার এবং সেভ মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হয়েছে। এতে একদিকে সরকারের রাজস্ব ও নদীর স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে ভাঙনের ঝুঁকিতে পড়েছে কয়েকটি গ্রামের বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান।
পরিবেশ অধিদপ্তরের দায়ের করা মামলার তথ্য অনুযায়ী, মাত্র ১০ দিনে প্রায় ২৫ লাখ ঘনফুট বালু উত্তোলন করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি টাকা। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও বালু শ্রমিকসহ ৩৭ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১০ থেকে ১৫ জনকে। কিন্তু এত বড় পরিসরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ ওঠার পরও ইজারাদারের বিরুদ্ধে ইজারা বাতিল, জামানত বাজেয়াপ্ত কিংবা ক্ষতিপূরণ আদায়ের মতো দৃশ্যমান কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। ফলে প্রশ্ন উঠেছে, ইজারার শর্ত ভঙ্গের দায় কি শুধু বালু উত্তোলনে নিয়োজিত শ্রমিকদের, নাকি এর দায় ইজারাগ্রহীতারও রয়েছে?
স্থানীয়দের অভিযোগ, মূল চেলা নদীর ইজারার সুযোগ কাজে লাগিয়ে ইজারাবহির্ভূত মরাচেলা নদী ও নদীতীরবর্তী এলাকায় বালু উত্তোলন করা হয়েছে। দিন-রাত ড্রেজার ও সেভ মেশিন বসিয়ে নদীর পাড় কেটে বালু তোলার কারণে এলাকার ভূপ্রকৃতি বদলে যাচ্ছে। ঝুঁকির মুখে পড়েছে পূর্ব সোনাপুর, উত্তর সোনাপুর, শাহআরফিন পাড়া, হাবিবনগর, সোনাপুর ও চারগাঁও গ্রামের জনবসতি। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে নদীভাঙনে বসতভিটা ও গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীন হতে পারে।
ইজারার দোহাইয়ে নদীর পাড় ও ফসলি জমি উজাড়
চলতি অর্থবছরে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীর বালুমহাল প্রায় ২৩ কোটি ৭৫ লাখ টাকায় ইজারা দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, ইজারার নির্ধারিত সীমানার বাইরে মরাচেলা নদী এবং নদীসংলগ্ন বিভিন্ন স্থান থেকেও বালু উত্তোলন করা হয়েছে। বিশেষ করে নদীর পাড় কেটে বালু তোলায় আশপাশের কৃষিজমি ও বসতভিটার অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।
সরেজমিনে পূর্ব সোনাপুর এলাকায় গিয়ে দেখা যায়, নদীতীরবর্তী জনপদ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। এলাকার মসজিদ ও মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনার নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন বাসিন্দারা। তাদের দাবি, একসময় নদীর তীরবর্তী জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হতো। কিন্তু অব্যাহতভাবে বালু উত্তোলনের ফলে অনেক জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
পূর্ব সোনাপুর মসজিদের ক্যাশিয়ার মো. আব্দুল হাকিম বলেন, ‘আমাদের গ্রামে মসজিদ-মাদ্রাসাসহ চারটি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে মসজিদ ও মাদ্রাসা প্রায় ৬০ বছরের পুরোনো। অথচ যাদের এসব প্রতিষ্ঠান ও জনপদ রক্ষার কথা, তারাই এখন ভক্ষক হয়ে উঠেছেন। একসময় নদীর তীরবর্তী জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করতাম। কিন্তু ড্রেজার দিয়ে বালু তুলতে তুলতে সেই জমি এখন প্রায় পুরোপুরি বিলীন হয়ে গেছে। সরকার ইজারা দিয়েছে মূল নদী, অথচ ইজারার দোহাই দিয়ে নদীর পাড় ও ফসলি জমি কেটে বালু উত্তোলন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কাঁচা টাকার লোভে এলাকার প্রায় ৯০ শতাংশ মানুষ বালু লুটে সহযোগিতা করছে। বাকি ১০ শতাংশ মানুষ প্রতিবাদ করতে পারছে না, আবার এই ক্ষতিও নীরবে সহ্য করতে পারছে না। ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। ছোটবেলায় খাল কেটে কুমির আনার গল্প শুনেছি, এবার তা নিজের চোখেই দেখছি।’
তবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত প্রভাবশালীদের নাম প্রকাশ করতে রাজি হননি আব্দুল হাকিম। স্থানীয়দের ভাষ্য, প্রভাবশালী মহলের ভয়ে অনেকেই প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।
৫ কোটি টাকার বালু উত্তোলনের অভিযোগে মামলা
মরাচেলা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পরিবেশ অধিদপ্তর স্থানীয় বাসিন্দা ও বালু শ্রমিকসহ ৩৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছে। এতে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মাত্র ১০ দিনের মধ্যে প্রায় ২৫ লাখ ঘনফুট বালু উত্তোলন করা হয়েছে। উত্তোলিত বালুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। এই বিপুল পরিমাণ বালু উত্তোলনের ঘটনায় পরিবেশ ও নদীতীরবর্তী জনপদের ক্ষতির বিষয়টি সামনে এলেও ইজারাগ্রহীতার ভূমিকা এবং চুক্তির শর্ত যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
পরিবেশ আন্দোলনকর্মীদের প্রশ্ন, একটি ইজারাধীন বালুমহালের আশপাশে এত বড় পরিসরে বালু উত্তোলন চললেও ইজারাদারের নজরদারি ও দায়িত্বশীলতার বিষয়টি কীভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে? অবৈধ উত্তোলনে জড়িত শ্রমিকদের বিরুদ্ধে মামলা হলেই কি ইজারার শর্ত ভঙ্গের দায় শেষ হয়ে যায়?
আইন ও ইজারা চুক্তিতে কী বলা আছে?
বালুমহাল ইজারা ও বালু উত্তোলনের বিষয়ে দেশে সুনির্দিষ্ট আইন ও নীতিমালা রয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুযায়ী, নদীর তীরভাঙনের আশঙ্কা সৃষ্টি হয় কিংবা পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য ও ফসলি জমির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, এমন স্থান থেকে বালু উত্তোলন নিষিদ্ধ। আইনের ৪ ধারায় এ ধরনের নিষেধাজ্ঞা রয়েছে। ৫ ধারায় নদীর তলদেশ থেকে বালু উত্তোলনের ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতি অনুসরণ ও উপযুক্ত ড্রেজার ব্যবহারের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।
সংশোধিত আইনের ১০(৮) ধারায় বালুমহালের সীমানা ও বালুর পরিমাণ নির্ধারণ, উত্তোলন পর্যবেক্ষণ এবং অবৈধ বা অতিরিক্ত বালু উত্তোলনের কারণে নদীভাঙন, ঘরবাড়ি, স্থাপনা, ফসল কিংবা পরিবেশের ক্ষতি হলে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে ইজারাগ্রহীতার জামানত থেকে ক্ষতিপূরণ আদায়ের পদ্ধতি নির্ধারণের ক্ষমতাও প্রশাসনকে দেওয়া হয়েছে।
আইনের ১৪ ধারা অনুযায়ী, ইজারাগ্রহীতা চুক্তির শর্ত ভঙ্গ করলে জেলা প্রশাসক কারণ দর্শানোর সুযোগ দিয়ে ইজারা বাতিল এবং সংশ্লিষ্ট ইজারাগ্রহীতাকে কালো তালিকাভুক্ত করতে পারেন। ইজারা বাতিল হলে ১৪(২) ধারা অনুযায়ী জামানত সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হওয়ার বিধান রয়েছে। অন্যদিকে, ১৫ ধারায় আইন লঙ্ঘন করে বালু উত্তোলনের অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, ৫০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
শুধু আইনেই নয়, চেলা নদীর ২০২৬ সালের ইজারা চুক্তিতেও বালু উত্তোলনের সময় ও পদ্ধতি নিয়ে স্পষ্ট শর্ত রয়েছে। চুক্তির ৯ নম্বর শর্ত অনুযায়ী, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বালু উত্তোলন করা যাবে। জেলা প্রশাসকের লিখিত অনুমতি ছাড়া রাতে বালু উত্তোলন ও পরিবহন নিষিদ্ধ।
চুক্তির ১৯ নম্বর শর্তে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন না করার কথা বলা হয়েছে। ২৩ নম্বর শর্তে বালু বা মাটি উত্তোলনের সময় স্থানীয় জনগণের জায়গা-জমির ক্ষতি না করার বাধ্যবাধকতা রয়েছে। ক্ষতি হলে ইজারাগ্রহীতাকেই নিজ উদ্যোগে ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, চুক্তির ১৮ নম্বর শর্তে বলা হয়েছে, কোনো শর্ত ভঙ্গ হলে ইজারাদাতা তাৎক্ষণিকভাবে বালু উত্তোলন বন্ধ, ইজারা বাতিল এবং ইজারাগ্রহীতাকে কালো তালিকাভুক্ত করতে পারবেন।
ইজারাদারের দায় নিয়ে পরিবেশ আন্দোলনকর্মীদের প্রশ্ন
সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি একেএম আবু নাছার বলেন, ‘চেলা নদীতে বালু লুটের ঘটনায় পরিবেশ অধিদপ্তর ৫ কোটি টাকার মামলা দিয়েছে। কিন্তু সেখানে আরও বেশি টাকার বালু লুটপাট করা হয়েছে। এর দায় ইজারাদারের ওপরও বর্তায়। তিনি নির্দিষ্ট এলাকা থেকে বালু উত্তোলনের অনুমতি নিয়েছেন। সেখানে ড্রেজার দিয়ে নদীর পাড় ও জমি কেটে বালু তোলা হলে এর দায় তিনি এড়াতে পারেন না।’
তিনি আরও বলেন, ‘অবৈধ কাজের জন্য স্থানীয় বালু শ্রমিকদের বিরুদ্ধে মামলা হলেও ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখিনি। প্রশাসনের মোবাইল কোর্ট, জেল-জরিমানা দিয়েও যদি বালু লুট বন্ধ করা না যায়, তাহলে বুঝতে হবে কোথাও না কোথাও নজরদারির ঘাটতি রয়েছে। শুধু শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে হবে না, ইজারা চুক্তির শর্ত ভঙ্গের বিষয়টিও তদন্ত করতে হবে।’
ইজারাদারের দাবি, অবৈধ উত্তোলন হয়নি
অভিযোগের বিষয়ে চেলা নদীর ইজারাদার শাহ রুবেল আহমদ বলেন, ‘নদীতে পানি কমে যাওয়ায় বর্তমানে প্রায় বালু উত্তোলন বন্ধ রয়েছে। নদী খননের জন্য এক্সকেভেটর (ভেকু) ব্যবহার করা হচ্ছে। এখন প্রতিদিন একেবারেই কম, অর্থাৎ ১৫ থেকে ২০ হাজার টাকা রয়্যালটি আদায় হচ্ছে। ইজারাধীন এলাকার বাইরে বালু উত্তোলনের বিষয়ে প্রশাসনকে চিঠি দিয়ে জানিয়েছি। তবে ইজারাধীন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের কোনো ঘটনা ঘটেনি।’
মরাচেলা নদীর পাড় কাটার বিষয়ে তিনি বলেন, ‘আরও এক মাস আগে, পানি থাকার সময় আমি নিজেই লিখিত আবেদন করে প্রশাসনকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছি। আবেদনের পরিপ্রেক্ষিতে মোবাইল কোর্টও পরিচালিত হয়েছে। আমরা এখন ক্ষতির হিসাবের মধ্যে আছি।’
প্রশাসনের বক্তব্য: নিয়মিত অভিযান চলছে
ইজারা নীতিমালার ব্যত্যয় এবং ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীলের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ বলেন, ‘ইজারাধীন বালুমহালে মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিত তদারকি করা হচ্ছে। ইজারাধীন এলাকার বাইরে কেউ বালু উত্তোলনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি টাস্কফোর্সের অভিযানও পরিচালনা করা হচ্ছে।’
ইজারা নীতিমালার ব্যত্যয়ের বিষয়ে তিনি বলেন, ‘মোবাইল কোর্ট তাৎক্ষণিকভাবে পরিচালনা করা হয়। অভিযানের সময় উপস্থিত ম্যাজিস্ট্রেটের সামনে যাদের পাওয়া যায়, তাদেরই শাস্তির আওতায় আনা হয়। তবে ইজারা নীতিমালার ব্যত্যয়ের বিষয়ে ইজারাদারকে শোকজ করার দায়িত্ব রাজস্ব বিভাগের। আমার জানামতে, ইজারাদারকেও শোকজ করা হয়েছে।’
প্রশ্ন এখন জবাবদিহির
চেলা নদীর বালুমহাল ঘিরে ওঠা অভিযোগ এখন শুধু অবৈধ বালু উত্তোলনের মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে সরকারি সম্পদ রক্ষা, পরিবেশ সংরক্ষণ, ইজারা চুক্তির বাস্তবায়ন এবং নদীতীরবর্তী মানুষের নিরাপত্তার প্রশ্ন।
পরিবেশ অধিদপ্তরের মামলায় ৩৭ জনের নাম এলেও ইজারার শর্ত কতটা মানা হয়েছে, নির্ধারিত সীমানার বাইরে কী পরিমাণ বালু উত্তোলন হয়েছে, কারা এর সুবিধাভোগী এবং ক্ষতিগ্রস্ত জমি ও জনপদের ক্ষতিপূরণ কীভাবে নিশ্চিত করা হবে—এসব প্রশ্নের নিষ্পত্তি জরুরি।
স্থানীয়দের দাবি, শুধু অভিযান ও মামলা নয়, পুরো বালুমহালের সীমানা নির্ধারণ করে নিরপেক্ষ তদন্ত করতে হবে। ইজারার শর্ত ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ইজারা বাতিল, জামানত বাজেয়াপ্ত ও ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ গ্রাম, মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান রক্ষায় জরুরি পদক্ষেপ নিতে হবে।
নইলে ইজারার নামে নদীর বালু উত্তোলন চলতে থাকবে, আর এর মূল্য দিতে হবে নদীতীরের সাধারণ মানুষকে—হারাতে হবে তাদের ফসলি জমি, বসতভিটা ও পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত জনপদ। চেলা নদীর এই বালু উত্তোলনের ঘটনায় শেষ পর্যন্ত কারা লাভবান হয়েছেন আর কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার জবাব এখন প্রশাসনের তদন্ত ও কার্যকর পদক্ষেপের ওপর নির্ভর করছে।
২১ নভেম্বর ২৬
Leave a Reply